চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

ANM GNM 2024 Life Science PYQ PDF | WBJEE ANM GNM 2024 Question Paper with answers

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা WB ANM GNM ENTRANCE EXAM দেওয়ার প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য আজকের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ANM GNM 2024 Life Science PYQ PDF নিয়ে আলোচনা করব। তোমরা যদি নার্সিং এর পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই সফল হতে চাও, তার জন্য নিয়মিত বিগত বছরের প্রশ্নপত্র অভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ। এতে পরীক্ষার প্যাটার্ন এবং অনেক কমন প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়া যায়। তাই তোমাদের প্রস্তুতিকে আরো মজবুত বানাতেই আজ ExamBangla এক্সপার্ট টিমের তরফ থেকে এই বিগত বছরের নার্সিং পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর প্রকাশ করা হলো।

ANM GNM 2024 Life Science PYQ PDF

বিষয়গুলি যাতে ভালোভাবে এবং সহজে পরীক্ষার্থীরা বুঝতে পারে, সেজন্য এই প্রশ্নোত্তরের সেটে প্রতিটি উত্তরের বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আর দেরি না করে ঝটপট দেখে নাও।

ANM GNM Exam 2026 – Overview

পরীক্ষার নাম WBJEE ANM GNM
পরিচালনাকারী সংস্থা West Bengal Joint Entrance Examinations Board
পরীক্ষার ধরন MCQ (OMR Based)
সম্ভাব্য পরীক্ষার তারিখ ১৪ জুন, ২০২৬
পরীক্ষার বিষয় Life Science, Physical Science, English, Mathematics, General Knowledge, Reasoning
পরীক্ষার সময়সীমা 1.5 ঘণ্টা
---Advertisement---

WBJEE ANM GNM 2024 Question Paper with answers

1. যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয়, তখন সেই পদ্ধতিকে বলে –
[A] জেনেটিক ইঞ্জিনিয়ারিং
[B] মাইক্রোপ্রোপাগেশন
[C] বায়োঅ্যাসে
[D] এগুলির সবকটি
সঠিক উত্তরঃ [A] জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যাঃ গবেষণাগারে বা শিল্পক্ষেত্রে ইনসুলিন তৈরির আধুনিক পদ্ধতিটি হলো Recombinant DNA Technology, যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর একটি অংশ। এই পদ্ধতিতে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনকে E. coli নামক ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ-তে প্রবেশ করানো হয়।

 

2. আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য?
[A] টোকোফেরল      [B] থায়ামিন
[C] নিয়াসিন           [D] রাইবোফ্ল্যাভিন
সঠিক উত্তরঃ [A] টোকোফেরল
ব্যাখ্যাঃ ভিটামিন মূলত দুই প্রকারের হয়- ফ্যাটে দ্রবণীয় এবং জলে দ্রবণীয়। ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলি হলো ভিটামিন A, D, E এবং K। এখানে টোকোফেরল হলো ভিটামিন E-এর রাসায়নিক নাম, তাই এটি ফ্যাটে দ্রবণীয়। অন্যদিকে থায়ামিন (B1), নিয়াসিন (B3) এবং রাইবোফ্ল্যাভিন (B2) জলে দ্রবণীয়।

 

3. নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না?
[A] থাইমিন           [B] ইউরাসিল
[C] অ্যাডেনিন        [D] সাইটোসিন
সঠিক উত্তরঃ [B] ইউরাসিল
ব্যাখ্যাঃ DNA-তে চারটি নাইট্রোজেনাস বেস থাকে: অ্যাডেনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং থাইমিন (T)। ইউরাসিল (U) কেবল RNA-তে থাকে, DNA-তে থাইমিনের পরিবর্তে এটি অনুপস্থিত।

 

4. নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে?
[A] ট্রিপসিন           [B] পেপসিন
[C] ইরেপসিন        [D] রেনিন
সঠিক উত্তরঃ [B] পেপসিন
ব্যাখ্যাঃ পেপসিন পাকস্থলীতে ক্ষরিত হয় এবং এটি অত্যন্ত আম্লিক মাধ্যমে (pH 1.5-2.5) প্রোটিন পরিপাক করতে পারে। ট্রিপসিন ও ইরেপসিন ক্ষুদ্রান্ত্রে ক্ষারীয় মাধ্যমে কাজ করে। রেনিন মূলত শিশুদের পাকস্থলীতে দুগ্ধ প্রোটিন জমাট বাঁধতে সাহায্য করে।

---Advertisement---

 

5. নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না?
[A] হিম              [B] বিলিরুবিন
[C] বিলিভার্ডিন       [D] লেসিথিন
সঠিক উত্তরঃ [D] লেসিথিন
ব্যাখ্যাঃ হিমোগ্লোবিন ভেঙে হিম এবং তা থেকে পিত্তরঞ্জক বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি হয়। লেসিথিন হলো এক ধরণের ফসফোলিপিড যা কোষপর্দায় থাকে এবং পিত্তরসে উপস্থিত থাকে, কিন্তু এটি হিমোগ্লোবিন ভাঙনের ফলে তৈরি হয় না।

 

6. বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে?
[A] 3                          [B] 4
[C] 5                           [D] 7
সঠিক উত্তরঃ [D] 7
ব্যাখ্যাঃ বর্তমানে ভারতে ৭টি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলি হলো: তারাপুর (মহারাষ্ট্র), রাজস্থান (রাওয়াতভাতা), মাদ্রাজ (কালপক্কম), নারোরা (উত্তরপ্রদেশ), কাকরাপাড় (গুজরাট), কাইগা (কর্ণাটক) এবং কুদানকুলাম (তামিলনাড়ু)।

 

7. সঠিক ক্রমটি নির্বাচন করো।
[A] উদ্দীপক→গ্রাহক→মোটর নিউরোন→কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র→সেনসরি নিউরোন→কারক→সাড়া
[B] উদ্দীপক→গ্রাহক→সেনসরি নিউরোন→কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র→নোটর নিউরোন→কারক→সাড়া
[C] উদ্দীপক→কারক→মোটর নিউরোন→কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র→সেনসরি নিউরোন→গ্রাহক→সাড়া
[D] উদ্দীপক→কারক→সেনসরি নিউরোন→কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র→মোটর নিউরোন→গ্রাহক→সাড়া
সঠিক উত্তরঃ [B] উদ্দীপক→গ্রাহক→সেনসরি নিউরোন→কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র→মোটর নিউরোন→কারক→সা়ড়া
ব্যাখ্যাঃ এটি একটি রিফ্লেক্স আর্ক বা স্নায়বিক প্রতিক্রিয়ার সঠিক পথ। প্রথমে উদ্দীপক গ্রাহক অঙ্গে গৃহীত হয়, সেনসরি নিউরোন দিয়ে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, সেখান থেকে মোটর নিউরোনের মাধ্যমে নির্দেশ কারক অঙ্গে (পেশি/গ্রন্থি) পৌঁছালে সাড়া প্রদান ঘটে।

 

8. কোনটি কোশচক্রের কোনো চেক পয়েন্ট নয়?
[A] G1→S                 [B] G2→M
[C] M→G1               [D] S
সঠিক উত্তরঃ [D] S
ব্যাখ্যাঃ কোশচক্রের প্রধান চেক পয়েন্টগুলি হলো G1/S, G2/M এবং M বা স্পিন্ডল চেক পয়েন্ট। S দশা হলো ডিএনএ সংশ্লেষণের দশা, এটি নিজে কোনো নিয়ন্ত্রক চেক পয়েন্ট নয়।

 

9. নিম্নলিখিত কোনটি একটি খাদ্য-শৃঙ্খল গঠন করে?
[A] ঘাস, গম এবং আম
[B] ঘাস, ছাগল এবং মানুষ
[C] ছাগল, গরু এবং হাতি
[D] ঘাস, মাছ এবং ছাগল
সঠিক উত্তরঃ [B] ঘাস, ছাগল এবং মানুষ
ব্যাখ্যাঃ একটি সঠিক খাদ্য-শৃঙ্খলে উৎপাদক থেকে খাদকের দিকে শক্তি প্রবাহিত হয়। এখানে ঘাস (উৎপাদক) → ছাগল (প্রাথমিক খাদক) → মানুষ (গৌণ খাদক) একটি সঠিক ক্রম নির্দেশ করে।

---Advertisement---

 

10. নিম্নলিখিত কোনটি স্ত্রী-মানবদেহের জননতন্ত্রের অংশ নয়?
[A] ডিম্বাশয়          [B] জরায়ু
[C] ভাস ডিফারেন্স    [D] ফ্যালোপিয়ান টিউব
সঠিক উত্তরঃ [C] ভাস ডিফারেন্স
ব্যাখ্যাঃ ডিম্বাশয়, জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব স্ত্রী-জননতন্ত্রের অংশ। ভাস ডিফারেন্স বা শুক্রনালি হলো পুরুষ জননতন্ত্রের অংশ যা শুক্রাণু বহন করে।

ANM GNM Practice Set in Bengali

11. নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না?
[A] -COOH               [B] -OH
[C] -NH2                    [D] -CN
সঠিক উত্তরঃ [D] -CN
ব্যাখ্যাঃ প্রতিটি অ্যামাইনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ (-NH2), একটি কার্বক্সিল গ্রুপ (-COOH) এবং একটি পার্শ্বশৃঙ্খল থাকে। অনেক ক্ষেত্রে হাইড্রোক্সিল গ্রুপ (-OH) থাকতে পারে, কিন্তু সায়ানাইড গ্রুপ (-CN) অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠনে থাকে না।

 

12. নিম্নলিখিত প্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
[A] পিটুইটারি        [B] অ্যাড্রেনাল
[C] শুক্রাশয়           [D] খাইরয়েড
সঠিক উত্তরঃ [D] থাইরয়েড
ব্যাখ্যাঃ থাইরয়েড গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন (T4) এবং ট্রাই-আয়োডোথাইরোনিন (T3) হরমোন নিঃসৃত হয় যা বিপাক নিয়ন্ত্রণ করে।

 

13. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে স্বোয়ান কোশ সম্পর্কিত?
[A] ডেনড্রাইট        [B] অ্যাক্সন
[C] কোশদেহ         [D] সাইন্যাপ্স
সঠিক উত্তরঃ [B] অ্যাক্সন
ব্যাখ্যাঃ নিউরোনের দীর্ঘ প্রবর্ধক বা অ্যাক্সনের মায়োলিন সিদ তৈরিতে স্বোয়ান কোশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

14. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ?
[A] অগ্ন্যাশয়          [B] যকৃৎ
[C] অ্যাপেনডিক্স      [D] পিত্তথলী
সঠিক উত্তরঃ [C] অ্যাপেনডিক্স
ব্যাখ্যাঃ মানুষের সিকামের সাথে যুক্ত ভার্মিফর্ম অ্যাপেনডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ। পূর্বপুরুষদের মধ্যে এটি কার্যকর থাকলেও বিবর্তনের ধারায় মানুষের দেহে এর কোনো ভূমিকা নেই।

 

15. পায়রার দেহে বায়ুথলীর সংখ্যা হল ___।
[A] 7 টি             [B] 7 জোড়া
[C] 9 জোড়া           [D] 9 টি
সঠিক উত্তরঃ [D] 9 টি
ব্যাখ্যাঃ পায়রার ফুসফুসের সাথে অতিরিক্ত ৯টি বায়ুথলী (Air sacs) যুক্ত থাকে যা ওড়ার সময় দেহকে হালকা রাখতে এবং নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করে।

আরও পড়ুনঃ WBJEE ANM GNM Syllabus PDF

16. নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাক্টেরিয়া কোনটি?
[A] E. Coli                 [B] Bacillus
[C] Rhixobium         [D] Helicobacter
সঠিক উত্তরঃ [C] Rhizobium
ব্যাখ্যাঃ রাইজোবিয়াম হলো একটি মিথজীবী ব্যাক্টেরিয়া যা শিম্বিগোত্রীয় উদ্ভিদের (যেমন মটর) মূলে অর্বুদ তৈরি করে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধিত করতে পারে।

 

17. নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশন-এর কারণ?
[A] বায়ুদূষণ         [B] জলদূষণ
[C] আলোক-দূষণ     [D] শব্দ দূষণ
সঠিক উত্তরঃ [B] জলদূষণ
ব্যাখ্যাঃ ডিডিটি বা ভারী ধাতুর মতো বিষাক্ত পদার্থ জলদূষণের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে এবং ট্রফিক লেভেল বৃদ্ধির সাথে সাথে এদের ঘনত্ব বাড়তে থাকে, যাকে বায়োম্যাগনিফিকেশন বলে।

 

18. নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত?
[A] কোশ থিওরি      [B] উত্তরাধিকার সূত্র
[C] লিংকেজ থিওরি   [D] অরিজিন অফ স্পিসিস
সঠিক উত্তরঃ [B] উত্তরাধিকার সূত্র
ব্যাখ্যাঃ গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির দুটি প্রধান সূত্র—পৃথকীকরণ সূত্র এবং স্বাধীন বিন্যাস সূত্র প্রদান করেন, যা উত্তরাধিকারের নিয়ম হিসেবে পরিচিত।

 

19. প্রাকৃতিক অক্সিন কোনটি?
[A] 2, 4-D                  [B] NAA
[C] IAA                     [D] IPA
সঠিক উত্তরঃ [C] IAA
ব্যাখ্যাঃ IAA (Indole-3-Acetic Acid) হলো উদ্ভিদের প্রধান প্রাকৃতিক অক্সিন। বাকিগুলো (NAA, 2,4-D) কৃত্রিম অক্সিন হিসেবে ব্যবহৃত হয়।

 

20. নিম্নলিখিত কোন মস্তিস্কের অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে?
[A] সেরেব্রাম         [B] সেরিবেলাম
[C] হাইপোথ্যালামাস  [D] পন্স
সঠিক উত্তরঃ [B] সেরিবেলাম
ব্যাখ্যাঃ সেরিবেলাম বা লঘুমস্তিষ্ক শরীরের ভঙ্গি, ঐচ্ছিক পেশির চলন এবং ভারসাম্য নিয়ন্ত্রণের প্রধান কেন্দ্র।

---Advertisement---

 

21. ছত্রাকের কোশপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে?
[A] সেলুলোজ        [B] কাইটিন
[C] হেমিসেলুলোজ    [D] পেকটিন
সঠিক উত্তরঃ [B] কাইটিন
ব্যাখ্যাঃ উদ্ভিদের কোশপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হলেও ছত্রাকের কোশপ্রাচীরের প্রধান উপাদান হলো কাইটিন নামক এক প্রকার পলিস্যাকারাইড।

 

22. দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়ণকে বলে __।
[A] টেস্ট ক্রস        [B] ব্যাকক্রস
[C] হেটেরোসিস      [D] হাইব্রিডাইজেশন
সঠিক উত্তরঃ [D] হাইব্রিডাইজেশন
ব্যাখ্যাঃ দুটি জিনগতভাবে ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলনের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বা সংকরায়ণ বলা হয়।

 

23. নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে?
[A] হিস্টোন           [B] অ্যালবুমিন
[C] গ্লোবিউলিন       [D] কোলাজেন
সঠিক উত্তরঃ [A] হিস্টোন
ব্যাখ্যাঃ নিউক্লিওসোমের কেন্দ্রে আটটি হিস্টোন প্রোটিনের একটি কোর (Octamer) থাকে, যাকে ডিএনএ তন্তু পেঁচিয়ে থাকে।

 

24. নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়?
[A] জিম্নোস্পার্মস      [B] মোনোকটস
[C] টেরিডোফাইটস   [D] ডাইকটস
সঠিক উত্তরঃ [C] টেরিডোফাইটস
ব্যাখ্যাঃ স্পার্মাটোফাইট মানে বীজ উৎপাদনকারী উদ্ভিদ (যেমন জিম্নোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম)। টেরিডোফাইটরা অপুষ্পক উদ্ভিদ, তারা রেনুর মাধ্যমে বংশবিস্তার করে, বীজ তৈরি করে না।

 

25. B গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন আগ্লুটিনিন উপস্থিত থাকে?
[A] B এবং অ্যান্টি B  [B] A এবং অ্যান্টি A
[C] B এবং অ্যান্টি A  [D] A এবং অ্যান্টি B
সঠিক উত্তরঃ [C] B এবং অ্যান্টি A
ব্যাখ্যাঃ রক্তের গ্রুপ যা, অ্যান্টিজেন (অ্যাগ্লুটিনোজেন) তাই হয়। অর্থাৎ B গ্রুপে B অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে তার বিপরীত অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন (অ্যান্টি-A) থাকে।

 

26. যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলে-
[A] জরায়ুজ           [B] মাংসাশী
[C] অণ্ডজ            [D] কোনোটিই নয়
সঠিক উত্তরঃ [C] অণ্ডজ
ব্যাখ্যাঃ যেসব প্রাণী ডিম পেড়ে বংশবিস্তার করে তাদের অণ্ডজ (Oviparous) বলে। যারা সরাসরি সন্তান প্রসব করে তাদের জরায়ুজ (Viviparous) বলে।

 

27. নীচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করোঃ
[A] অগ্ন্যাশয়-মিশ্র গ্রন্থি
[B] প্লীহা-অন্তঃক্ষরা গ্রন্থি
[C] ডিম্বাশয়-বহিঃক্ষরা গ্রন্থি
[D] ত্বক-মিশ্র গ্রন্থি
সঠিক উত্তরঃ [A] অগ্ন্যাশয়-মিশ্র গ্রন্থি
ব্যাখ্যাঃ অগ্ন্যাশয় থেকে হরমোন (ইনসুলিন, গ্লুকাগন) এবং পাচক উৎসেচক উভয়ই নিঃসৃত হয়, তাই এটি একটি আদর্শ মিশ্র গ্রন্থি।

 

28. কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়?
[A] অন্তঃপ্রজাতি
[B] আন্তঃপ্রজাতি
[C] A এবং B উভয়ই
[D] এগুলির কোনোটিই নয়
সঠিক উত্তরঃ [A] অন্তঃপ্রজাতি
ব্যাখ্যাঃ যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে সীমিত খাদ্য বা বাসস্থানের জন্য লড়াই হয়, তখন তাকে অন্তঃপ্রজাতি (Intraspecific) সংগ্রাম বলে।

 

29. কোশচক্রের ইন্টারফেজের কোন উপদশায় DNA -এর পরিমাণ 2C থেকে 4C হয়?
[A] G1                       [B] S
[C] G2                        [D] G0
সঠিক উত্তরঃ [B] S
ব্যাখ্যাঃ ইন্টারফেজের S (Synthesis) উপদশায় ডিএনএ-এর প্রতিলিপিকরণ ঘটে, যার ফলে ডিএনএ-এর পরিমাণ দ্বিগুণ (2C থেকে 4C) হয়ে যায়।

 

30. বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হল-
[A] আমাদের দেহে ইউরিয়া জমে যাওয়া
[B] আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া
[C] আমাদের রক্তে ইথাইল অ্যালকোহল জমে যাওয়া
[D] আমাদের পেশিতে গ্লুকোজ জমে যাওয়া
সঠিক উত্তরঃ [B] আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া
ব্যাখ্যাঃ অতিরিক্ত পরিশ্রমের সময় পেশিতে অক্সিজেনের অভাব ঘটে এবং অবাধ শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিড পেশিতে জমা হওয়ার কারণে ক্লান্তি ও ব্যথার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ ANM GNM 2026 ফর্ম ফিলাপের সময়সীমা বাড়ল

ANM GNM 2024 Life Science PYQ PDF

এই PDF-এ আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ব্যাখ্যা দেওয়া আছে। সম্পূর্ণ প্রস্তুতির জন্য এখনই ডাউনলোড করুন – Download Now

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ